রাজধানীর তেজগাঁওয়ের বিজয় সরণীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় বশির আহমেদ (৪১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
নিহত বশির ফার্মগেটের একটি বেসরকারি প্রতিষ্ঠানের হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
বশিরের স্বজনরা জানান, বশিরের গ্রামের বাড়ি মাগুরায়। কাফরুলের ইব্রাহিমপুরে থাকতেন। রবিবার সকালে বাসা থেকে বের হন ফার্মগেটে কর্মস্থলের উদ্দেশে। সকাল সাড়ে ৯টার দিকে বিজয় সরণীতে রাস্তা পারাপারের সময় বিকাশ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টায় তার মৃত্যু হয়। বাসটি জব্দ করেছে পুলিশ। তবে চালক ও তার সহকারি পালিয়েছে।
