নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি স্টিল মিলে গলিত লোহা ছিটকে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার বেলা সোয়া ১২ টার দিকে ফতুল্লার পাগলা রসুলপুর এলাকার এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- সোহেল রানা (৩৬), লিটন (৩৫), আরিফ (২৭), বিল্লাল হোসেন (৩৫) ও মোহাম্মদ আলী (২৬)। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধদের উদ্ধার করে নিয়ে আসা ওই কারখানার কেমিস্ট মো. আশিক বলেন, মিলের ভাট্রি বিস্ফোরণে গরম লোহার পারদ শ্রমিকদের ওপর গিয়ে পড়লে তারা দগ্ধ হয়। আহত অবস্থায় আমরা তাদের দ্রুত উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন বলেন, নারায়ণগঞ্জ থেকে দগ্ধ রোগীরা হাসপাতালে এসেছেন, এদের মধ্যে বিল্লাল হোসেন ২০, আরিফের ১১ শতাংশ, আব্দুল আলী ৫২, সোহেল ১৩ ও লিটন ১৪শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা গুরুতর বলেও জানান তিনি
ঘটনাস্থলে যাওয়া গণমাধ্যম কর্মীরা জানান, স্টিল মিলে ভেতর সোমবার সন্ধ্যা পর্যন্ত কোনো আইনশৃঙ্খলা বাহিনী অথবা গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতে দেয়া হয়নি।
এ বিষয়ে শিল্প পুলিশে এস আই আব্দুর রহমান জানান, আমরা চেষ্টা করে যাচ্ছি মিলের ভেতর প্রবেশ করতে। কিন্তু মালিকপক্ষ এ রকম কোনো ঘটনাই ঘটেনি বলে আমাদের ভেতর প্রবেশ করতে দিচ্ছে না। ভেতরে গেলেও সিকিউরিটি রুম পর্যন্ত প্রবেশ করতে পারছি। ঘটনা যেখানে ঘটেছে সেখানে যেতে দিচ্ছে না । এ নিয়ে তাদের সাথে তর্কবিতর্ক চলছে।
বিষয়টি স্বীকার করে ফতুল্লা মডেল থানার ওসি রাকিবুজ্জামান জানান, পাগলার ঘটনা। ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে।
