স্বাক্ষর জাল করে কেন্দ্র পরিবর্তনের অভিযোগ

আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১২:৫৫ এএম

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে চারটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর জালিয়াতি করে পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই চার প্রতিষ্ঠানপ্রধান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব বরাবর লিখিত অভিযোগ করে ব্যবস্থা গ্রহণের ও আগের কেন্দ্রে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন।

লিখিত অভিযোগের অনুলিপি দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রী, দিনাজপুর-৬ আসনের সাংসদ, জেলা প্রশাসক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের চেয়ারম্যান, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে।

লিখিত অভিযোগে বলা হয়, উপজেলার পাউশগাড়া স্কুল অ্যান্ড কলেজ, নওপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়, নয়ানগড় উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ উপজেলা হাকিমপুর বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে আসছিল। কিন্তু গত ১৮ অক্টোবর থেকে এসএসসি পরীক্ষা কেন্দ্র হাকিমপুর থেকে পাশের বিরামপুর উপজেলার কাটলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নেওয়া হয়েছে। আমাদের পক্ষ থেকে কেন্দ্র পরিবর্তনের জন্য কোথাও কোনো আবেদন করা হয়নি। আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে কাটলা উচ্চ বিদ্যালয় অনেক দূরে ও প্রত্যন্ত গ্রামাঞ্চলে হওয়ায় এবং যোগাযোগব্যবস্থা উন্নত না হওয়ার কারণে শিক্ষার্থীরা যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার সম্ভাবনা খুবই কম। যার কারণে আমাদের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা নিজ উপজেলা বাদ দিয়ে অন্য উপজেলায় গিয়ে পরীক্ষা দিতে অনিচ্ছুক। দূরত্বের বিষয়টি বিবেচনা করে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মতামতের ওপর গুরুত্ব দিয়ে নিজ উপজেলার পরীক্ষা কেন্দ্র হাকিমপুরে শিক্ষার্থীরা স্বচ্ছন্দ ও নিরাপদবোধ করবে।

এ ব্যাপারে কাটলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রটির সচিব নজরুল ইসলাম বলেন, পরীক্ষা কেন্দ্র পরিবর্তন করে বোর্ড, এখানে আমার কোনো হাত নেই। আর কেন্দ্র এই স্কুলে থাকলেই কি, আর না থাকলেই কি। কেন্দ্র থাকলে আমার কোনো সুবিধা নেই।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর জহির উদ্দিন বলেন, চারটি প্রতিষ্ঠানের প্রধান আমার কাছে এসেছিলেন। তাদের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর দরখাস্ত দিতে বলেছি। এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত