রাজারবাগ পীরের বিরুদ্ধে তদন্ত চলতে বাধা নেই

আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ০২:০৭ এএম

রাজধানীর রাজারবাগের পীর দিল্লুর রহমান ও তার দরবার শরিফের সম্পদ নির্ণয়, সম্পদের উৎস এবং দরবার শরিফের কার্যক্রমে জঙ্গি সম্পৃক্ততা আছে কি না তা খতিয়ে দেখতে হাইকোর্ট যে আদেশ দিয়েছিল সেটি বহাল রয়েছে। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে করা আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে গঠিত চার বিচারকের আপিল বেঞ্চ আবেদন খারিজের আদেশ দেয়। ফলে হাইকোর্টের আদেশ বহাল রয়েছে এবং এ বিষয়ে তদন্ত করতে আইনগত বাধা নেই বলে জানান সংশ্লিষ্ট আইনজীবীরা।

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৯ সেপ্টেম্বর বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে গঠিত হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আদেশে রাজারবাগের পীর ও দরবার শরিফের সম্পদের তদন্ত করতে দুদককে নির্দেশনাসহ দরবার শরিফের কার্যক্রমে জঙ্গি সম্পৃক্ততা রয়েছে কি না সে বিষয়ে তদন্ত করতে পুলিশের সিটিটিসি-কে (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট) নির্দেশ দিয়ে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলে। এছাড়া রাজারবাগের পীর ও তার মুরিদ কর্তৃক ৮ ব্যক্তিকে মামলা দিয়ে কারা হয়রানি করছে সে বিষয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্ত করে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছিল  হাইকোর্ট। ১৬ সেপ্টেম্বর ৮ ব্যক্তির পক্ষে উচ্চ আদালতে এ রিট আবেদনটি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

পরে হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করেছিলেন রিট মামলার একজন বিবাদী। গত ২৩ সেপ্টেম্বর চেম্বার আদালত হাইকোর্টের আদেশটি স্থগিত না করে শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেয়। এর ধারাবাহিকতায় বিষয়টির ওপর শুনানি শেষে এ আদেশ আসে।

রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। তার সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। স্থগিত আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মুরাদ রেজা।

অ্যাডভোকেট শিশির মনির দেশ রূপান্তরকে বলেন, ‘আপিল বিভাগের এ আদেশের ফলে হাইকোর্টের আদেশটি বহাল রইল। এবং তদন্ত করতে আইনগত কোনো বাধা রইল না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত