দিনাজপুরের হাকিমপুরের হিলিতে সড়কে কুড়িয়ে পাওয়া ২ লাখ টাকা পুলিশের কাছে জমা দিয়ে সততার এক অনন্য নজির স্থাপন করেছেন হাফিজার রহমান (৫৭) নামে এক ভ্যানচালক। পরে পুলিশ টাকার প্রকৃত মালিক আবুল বাশারের কাছে সেই টাকা তুলে দেন। টাকা ফেরত পেয়ে খুশি হয়ে টাকার মালিক তাকে ১০ হাজার টাকা পুরস্কার প্রদান করেন। গতকাল বুধবার এ ঘটনা ঘটে। ভ্যানচালক হাফিজার রহমান হিলির বড় জালালপর গ্রামের মৃত মোজাফফর রহমানের ছেলে।
হাফিজার রহমান বলেন, ‘আমি ভ্যান নিয়ে হিলি স্থলবন্দরের চারমাথার দিকে আসছিলাম। এ সময় চারমাথা মোড়ে আর্মি হোটেলের সামনের সড়কে এক হাজার টাকার নোটের দুটি বান্ডিল কুড়িয়ে পাই। পরে আশপাশের দোকানদারদের টাকা পাওয়ার বিষয়টি অবগত করলে তারা টাকার মালিকের সন্ধান দিতে পারেনি। পরে আমি বিষয়টি পুলিশকে জানাই এবং টাকাগুলো দিই। পরে পুলিশ প্রকৃত মালিককে টাকা বুঝিয়ে দিয়েছে। এতে আমি খুশি।’
হাকিমপুর থানার ওসি খায়রুল বাশার বলেন, ‘টাকাগুলো পেয়ে ভ্যানচালক হাফিজার রহমান অন্য কোনো কিছু না করে টাকা ফেরত দিতে সরাসরি পুলিশকে ফোন দিয়ে সততার নজির স্থাপন করেছেন, যা সত্যিই প্রশংসার দাবি রাখে।’
