অস্ত্রের মহড়া, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বাড়িতে হামলা

আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১১:৪৬ পিএম

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বন্দর ও ঢাকার ধামরাইয়ের কয়েক স্থানে সহিংসতার খবর পাওয়া গেছে। গত বুধবার প্রতীক বরাদ্দের পর প্রচারণার প্রথম দিনের রাতে ঘটে এসব ঘটনা। প্রতিপক্ষের হামলায় এসব উপজেলার কয়েকটি ইউনিয়নে আহত হয়েছেন অন্তত ২০ জন। এছাড়া, অভিযোগ পাওয়া গেছে গভীর রাতে অস্ত্রের মহড়ার। প্রতিনিধিদের পাঠানো খবর :

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : রূপগঞ্জে নৌকা প্রতীকের সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বাড়িঘরে হামলা-ভাঙচুর ও পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তারা প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি করে। গত বুধবার রাত ১টার দিকে উপজেলার ভোলাব ইউনিয়নের চারিতালুক এলাকায় এ ঘটনা ঘটে।

আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসেন টিটুর সমর্থক মনিরুল ইসলাম সবুজ দাবি করেন, আলমগীর হোসেন টিটু আনারস প্রতীকে ভোলাব ইউনিয়নে আগামী ১১ নভেম্বর চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে, এই ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক পেয়েছেন তায়েবুর রহমান। সবুজ আলমগীর হোসেন টিটুর সঙ্গে নির্বাচনী প্রচার, গণসংযোগ ও উঠোন বৈঠক চালিয়ে আসছেন। আলমগীর হোসেন টিটুর নির্বাচন করায় সবুজকে নৌকা প্রতীকের প্রার্থীরা বিভিন্ন সময় হুমকিধমকি দিয়ে আসছিল। গত বুধবার রাত ১টার দিকে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মোটরসাইকেলে করে সবুজের চারিতালুক এলাকার বসতবাড়িতে হামলা ভাঙচুর চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করে। পরে তারা সবুজের ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা-ভাঙচুর চালায় এবং আলমগীর হোসেন টিটুর নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলে।

এদিকে, এর আগে রাত ১২টার দিকে আলমীর হোসেন টিটুর দুই সমর্থক রিপন ও নাঈম নামে দুই যুবককে হকিস্টিক ও ইট দিয়ে পিটিয়ে আহত করে তারা।

এ ব্যাপারে নৌকা প্রতীকের প্রার্থী তায়েবুর রহমান বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমাকে হয়রানি করার জন্য এ রকম বলা হচ্ছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবুর রহমান বলেন, হামলা ভাঙচুরের কোনো অভিযোগ পাইনি।

সাভার (ঢাকা) : ধামরাই উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে গত বুধবার প্রতীক বরাদ্দের পর সন্ধ্যা থেকেই বিভিন্ন স্থানে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সঙ্গে বিদ্রোহী প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। হামলার পরপরই ভুক্তভোগীরা ধামরাই থানায় মামলা করতে গেলে মামলা না নিয়ে তাদের থানা থেকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

তবে ধামরাই থানার ওসি আতিকুর রহমানের দাবি, সেøাগানসহ বিক্ষোভ করে পরিস্থিতি অস্বাভাবিক করায় তাদের থানা থেকে বের হয়ে যেতে বলা হয়। পরে তাদের কয়েকজন প্রতিনিধিকে আসতে বলা হয়েছিল।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, দুটি ঘটনায় উভয় পক্ষই মৌখিকভাবে বিষয়টি আমাকে জানিয়েছে।

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের বন্দরে প্রতীক বরাদ্দের পর প্রচার-প্রচারণার প্রথম দিনেই হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এতে ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গত বুধবার রাত ১০টার দিকে ধামগড় ইউনিয়নের জাঙ্গাল এলাকায় এ ঘটনা ঘটে।

বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, নৌকা প্রতীকের প্রচারণা গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত