মুক্তিযোদ্ধা পরিবারকে এলাকাছাড়া করার অভিযোগ

আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১১:৪৯ পিএম

কক্সবাজারের মহেশখালী পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা মাকসুদ মিয়ার বিরুদ্ধে চিংড়ি ঘের দখল, ডাকাতি ও লুটপাটের মামলা করায় এক মুক্তিযোদ্ধা পরিবারকে গ্রামছাড়া করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার কক্সবাজার প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৯ অক্টোবর রাতে মহেশখালী পৌর মেয়র মকসুদ মিয়ার নির্দেশে ৩০-৩৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নে অবস্থিত উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আমজাদ হোসেন ও তার পরিবারের ৬৭ একরের একটি চিংড়ি ঘের দখল করে নেয়। এ সময় সন্ত্রাসীরা চিংড়ি ঘেরের পরিচালক এবং কর্মচারীদের কুপিয়ে ও গুলি চালিয়ে গুরুতর আহত করে। পরে তারা চিংড়ি ঘেরের কয়েক লাখ টাকার চিংড়ি, লবণ ও মালামাল লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে গত ২৫ অক্টোবর মামলা নথিভুক্ত হলে মকসুদ মিয়া ও তার লোকজনের হুমকিতে মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন ও তার পরিবার মহেশখালী পৌর এলাকা ত্যাগ করে কক্সবাজার শহরে এসে আশ্রয় নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত