শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জঙ্গিবাদ নিয়ে কথা হলেই মুসলমানদের কথা বলা হয়। কিন্তু জঙ্গিবাদ সকল ধর্মেই আছে। তবে পৃথিবীর কোনো ধর্মই মানবতার বিরুদ্ধে কথা বলে না।’
তিনি বলেন, সাম্প্রদায়িক হামলা শুধু বাংলাদেশে নয় বিভিন্ন দেশেও হয়েছে। উগ্র সাম্প্রদায়িকতা কোনো ধর্মে সীমাবদ্ধতা নেই। আমাদের পাশের দেশ মিয়ানমারেও সাম্প্রদায়িক হামলা হয়েছে। ভারতেও কখনো কখনো সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটে।
শুক্রবার সকাল ১১টায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, একাত্তরের পরাজিত শক্তিই ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষ হত্যা করে। এ ভূখণ্ডে বিভিন্ন সময়ে নানান ধর্ম, ভাষা ও সংস্কৃতির মানুষ এসেছে এবং সকলেই তাদের নিজ নিজ ধর্ম নিজস্বভাবে পালন করেছে। এসব কাজে একে অপরের পাশে থেকে সহযোগিতা করেছে। আমরা এখন সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, ধর্মনিরপেক্ষ মানে ধর্মহীনতা নয়, ধর্মনিরপেক্ষ মানে যার যার ধর্ম ও উৎসব সে স্বাধীনভাবে পালন করবে। এখানে কেউ কাউকে ধর্ম প্রচার, উৎসব কিংবা ধর্ম পালনে বাধাগ্রস্ত করবে না। এসব বিষয়গুলো আমাদের সবার সংবিধানেরও নিশ্চয়তা দেয়।
তিনি বলেন, আজকে যে সাম্প্রদায়িক হামলা হলো কয়েকটি জায়গায়, সে হামলার পেছনে কারা, সেগুলো দ্রুতই তদন্ত হচ্ছে। কিন্তু আমরা প্রতিটি জায়গায় দেখছি ’ ৭১ এর পরাজিত অপশক্তি, ’৭৫ ও ২০০৪ এর হত্যাকারী, ২০১৩-২০১৪ সালে যারা মানুষ পুড়িয়ে হত্যা করেছে, এটি তাদেরই কাজ।
‘তারা আমাদের জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করবার অপচেষ্টার অংশ বিশেষ। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। অপশক্তি আজ সংঘবদ্ধ। আমাদেরকেও সংঘবদ্ধ হতে হবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী শাহাজান কামাল এমপি, শ্রী মনোরঞ্জন শীল গোপাল এমপি, সৈয়দা রুবিনা আক্তার মিরা এমপি, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুনিম হাসান, জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নইম পাটওয়ারী দুলাল।
আন্তসংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।
বক্তব্য শেষে সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের হাতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন।
