স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৭টি ফাইল খোয়া যাওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
শনিবার শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার এ তথ্য জানান। মন্ত্রণালয়ের একজন উপসচিব এই জিডি করেছেন।
ওসি মওদুত বলেন, “বৃহস্পতিবার সন্ধ্যায় জিডি করা হয়। শুক্রবার ও শনিবার সরকারি ছুটি। কাল এবিষয়ে তদন্ত করা হবে।”
জিডির বরাত দিয়ে শাহবাগ থানার ওসি বলেন, “স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ক্রয় সংক্রান্ত শাখা-২ এর কম্পিউটার অপারেটর যোশেফ সরদার ও আয়েশা গত বুধবার কাজ শেষ করে ফাইলটি একটি কেবিনেটে রেখে যায়। ওই ফাইলে ১৭টি নথি ছিল। পরদিন এসে আর ফাইলটি না পেয়ে থানায় জিডি করা হয়েছে।”
মন্ত্রণালয়ের উপসচিব (প্রকল্প বাস্তবায়ন-১ শাখা) অতিরিক্ত দায়িত্ব (ক্রয় ও সংগ্রহ-২) নাদিরা হায়দার জিডিটি করেন।
