তেজগাঁও থেকে ৪ শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ০৮:৫৬ পিএম

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থেকে ৪টি শুটারগানসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রবিবার সকালে কাইয়ুম মিয়া নামের ওই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তার কাইয়ুম মিয়া পরিবহনশ্রমিক হিসেবে কাজ করেন। এর আড়ালে তিনি অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত।

জানা গেছে, গ্রেপ্তার কাইয়ুম নরসিংদীর এক অস্ত্র ব্যবসায়ীর কাছ থেকে অস্ত্র সংগ্রহ করে ঢাকায় নিয়ে আসেন। মাদক ব্যবসায়ী, ছিনতাই ও চাঁদাবাজ চক্রের সদস্যরা তার অস্ত্রের ক্রেতা। প্রতিটি অস্ত্র তিনি ৬০ হাজার টাকায় বিক্রি করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

র‍্যাব–৩–এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস বলেন, ‘অস্ত্রের ক্রেতাদের নাম–পরিচয় পেয়েছি। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

তিনি বলেন, এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসার টাকা তুলতে অপরাধীরা এসব অস্ত্র ব্যবহার করে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত