একই সঙ্গে চার তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন তিনি। একদিন চার প্রেমিকই প্রেমিকের বাড়িতে হাজির।
প্রেমিককে পেয়েই চার তরুণী চেঁচামেচি শুরু করেন। তাদের সামাল দিতে পারছিলেন না তিনি। উপায়ন্তর না পেয়ে প্রেমিক যুবক বিষপান করে ফেললেন।
এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের কোচবিহারের মাথাভাঙায়। ওই যুবক বর্তমানে কোচবিহার জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
প্রেমিক শুভময় কর স্থানীয় একটি ওষুধের দোকানের কর্মী। মাথাভাঙা এক নম্বর ব্লকের জোড়পাটকি পঞ্চায়েতের ভুরকুন্ডা গ্রামের বাসিন্দা তিনি।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে ভারতীয় এক সংবাদমাধ্যমের খবর, একসঙ্গে চার তরুণীকে প্রেমের জালে ফাঁসিয়েছিলেন এই শুভময়। এত দিন নির্বিঘ্নেই চলছিল সবকিছু। কিন্তু শুভময়ের কীর্তিকলাপ জানতে পেরে রবিবার বিকেলে একসঙ্গে চার তরুণীই তার বাড়িতে পৌঁছে যান।
চার তরুণীকে একসঙ্গে বাড়িতে দেখে শুভময় কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন।
ওই ঘটনার প্রত্যক্ষদর্শী জোড়পাটকি পঞ্চায়েতের প্রধান কমলকুমার অধিকারী বলেন, ‘চার তরুণীকে শুভময়ের বাড়িতে দেখে আমরা প্রাথমিকভাবে বিষয়টি বুঝে উঠতে পারছিলাম না। ঘটনাস্থলে গিয়ে দেখি ওই চার তরুণীর সঙ্গে শুভময়ের অশান্তি শুরু হয়েছে। শুভময় ওদের শান্ত করার চেষ্টা করছিল। তারপর আচমকাই ঘরে ঢুকে ও বিষপান করে। ওকে তখনই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই চার তরুণীকেও বুঝিয়ে সুজিয়ে বাড়ি পাঠানো হয়।’
শুভময়কে এখন কোচবিহারে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
মাথাভাঙার পুলিশ সূত্র জানায়, এ নিয়ে কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। তবে অভিযোগ পেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
তবে এ নিয়ে কোনো কথা বলতে নারাজ শুভময়ের বাড়ির লোকজন।
