জনপ্রিয় শো ‘কুওমো প্রাইম টাইম’-এর উপস্থাপক ক্রিস কুওমোকে বরখাস্ত করেছে সিএনএন। ভাই অ্যান্ড্রু কুওমো নিউইয়র্কের গভর্নর থাকাকালে যৌন নির্যাতনের অভিযোগ উঠলে ক্রিস তাকে সাহায্য করেন।
বিবিসি জানায়, নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস নতুন নথি প্রকাশ করার পর এই সিদ্ধান্ত নিয়েছে সিএনএন।
হাজার পৃষ্ঠার ওই নথিতে বলা হয়, ভাই যখন গভর্নর ছিলেন তখন তাকে সহায়তা করেছেন ক্রিস কুওমো।
এ বিষয়ে সিএনএন বলেছে, আমরা আগে যা জানতাম, তার চেয়ে অনেক বেশি পরিমাণে ভাইকে সহায়তায় জড়িত ছিলেন ক্রিস।
আগস্টে অ্যাটর্নি জেনারেল জানান, অ্যান্ড্রুর সহকর্মীর তোলা যৌন হয়রানির অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তার পরপরই গভর্নর পদ থেকে সরে দাঁড়ান তিনি।
রাজনীতিবিদ ভাইকে সাহায্য করার জন্য ক্রিস কুওমোর পর্দার অন্তরালে কাজ করাকে গণমাধ্যমে সাংবাদিকতা নীতির লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হচ্ছে।
২০১৩ সালে সিএনএনে যোগ দেন ক্রিস কুওমো। একপর্যায়ে তার বিরুদ্ধে রাজনীতিবিদ ভাইকে সহায়তার অভিযোগ ওঠে। তবে প্রথম দিকে নিজেদের কর্মীর পক্ষ নেয় সিএনএন।
মঙ্গলবার এক বিবৃতিতে মিডিয়া হাউসটি জানায়, যে নথিগুলো প্রকাশ হয়েছে, তা গুরুতর প্রশ্ন তুলেছে। এ ব্যাপারে আমরা জানতাম না। যখন ক্রিস তার ভাইয়ের হয়ে কাজ করেছেন, তখন তিনি আমাদের নিয়ম ভঙ্গ করেছেন এবং আমরা তা প্রকাশ্যে স্বীকার করেছি।
প্রকাশিত নথিতে টিভি সঞ্চালকের প্রভাব বিস্তারের প্রমাণ হিসেবে গভর্নর অফিসের কর্মকর্তাদের পাঠানো ইমেইল ও টেক্সট মেসেজের উল্লেখ করা হয়।
