পটুয়াখালী জেলা বিএনপির তালাবদ্ধ কার্যালয়ে হামলা চালিয়ে চেয়ার, টেবিলসহ আসবাব ভাঙচুর করেছে একদল দুর্বৃত্ত। গতকাল শনিবার বেলা ১১টায় পৌর শহরের বনানী এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটেছে।
বিএনপির নেতাকর্মী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে দলীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের নেতাকর্মীদের বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতিকালে একদল দুর্বৃত্ত তাদের ধাওয়া করে। এতে বিক্ষোভ কর্মসূচি প- হয়ে যায়। এসময় দুর্বৃত্তরা বিএনপি অফিসের তালা ভেঙে ভেতরে ঢুকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, কো-চেয়ারম্যান তারেক রহমানের ছবি, অফিসের চেয়ার, টেবিল, ফ্যান ও ক্রোকারিজ সামগ্রী ভাঙচুর করে।
জেলা বিএনপির আহ্বায়ক আবদুর রশিদ চুন্নু মিয়া বলেন, এবারই প্রথমবার নয়। বারবার বিএনপি অফিসে হামলার ঘটনা ঘটেছে। শনিবার ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি প- করে দিয়েছে। ব্যাপক ভাঙচুরের ফলে অফিসের কোনো আসবাব এখন আর ব্যবহারের উপযোগী নেই। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, এ ঘটনায় এ পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
