মাদারীপুরের শিবচরে মাহাবুবুর রহমান (২৭) নামে এক বিকাশকর্মীর পথরোধ করে প্রায় ৩ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। এ সময় মাহাবুবুরকে পিটিয়ে জখম করে ফেলে রেখে যায় চক্রটি। গতকাল রবিবার দুপুর দেড়টার দিকে উপজেলার বহেড়াতলা দক্ষিণ ইউনিয়নের সিঙ্গাপুর মোড় এলাকার জোড়া ব্রিজে এ ঘটনা ঘটে। আহত মাহাবুবুর রহমান উপজেলার উমেদপুর ইউনিয়নের চরকাচিকাটা এলাকার কুদ্দুস বেপারির ছেলে।
মাহাবুবুর রহমান জানান, এদিন দুপুরে শিবচর থেকে সিঙ্গাপুর মোড়ে যাওয়ার পথে জোড়া ব্রিজ এলাকায় একটি ভ্যান তার পথরোধ করে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় কয়েকজন তার হাতে থাকা টাকার ব্যাগ কেড়ে নিয়ে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত বিকাশকর্মীকে শিবচর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
