মাত্র এক দিনের ব্যবধানে অরক্ষিত আরেক রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় গেল আরেক প্রাণ। গত শনিবার চট্টগ্রামের এক রেলক্রসিংয়ে তিনজনের মৃত্যুর পর গতকাল রবিবার নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত হলেন এক ইজিবাইক চালক। খানাবাড়ি রেলস্টেশনের আউটারসংলগ্ন রেলক্রসিংয়ে আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি একটি ইজিবাইককে টেনে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত মো. আমানউল্লাহ (২৫) রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নের উত্তর মির্জানগর গ্রামের পূর্বপাড়া এলাকার মৃত আব্দুল রশিদের ছেলে। দুর্ঘটনার সময় তিনি অসাবধানতাবশত রেলক্রসিংটি পার হচ্ছিলেন। তখনই নোয়াখালী থেকে ছেড়ে আসা আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি রাজধানী ঢাকার দিকে যাচ্ছিল। সকাল সোয়া ১১টার দিকে ট্রেনটি খানাবাড়ি রেলস্টেশনের আউটারসংলগ্ন রেলক্রসিং অতিক্রম করার সময় আমানুল্লাহ তার ইজিবাইকে ধানভানার মেশিন নিয়ে রেলক্রসিংটি পার হচ্ছিলেন। এ সময় ইজিবাইকটিকে ধাক্কা দিয়ে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যাওয়ার পর ট্রেনটি থামে। এতে ব্যাটারিচালিত ওই ইজিবাইক ও ধান ভাঙার মেশিনটি দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয়রা আহত আমানউল্লাহকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে রওনা হয়। কিন্তু হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক ইমায়েদুল জাহেদী বলেন, নিহতের মরদেহ বাড়িতে নিয়ে গেছেন পরিবারের সদস্যরা। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি।
এর আগে গত শনিবার চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন ঝাউতলা রেলক্রসিংয়ে ডেমু ট্রেনের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি টেম্পো দুমড়েমুচড়ে যায়। এতে প্রাণ হারান এক পুলিশ কনস্টেবলসহ তিনজন। স্থানীয়দের অভিযোগ, গেটম্যানের অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এর কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিটি গঠন করে রেলওয়ে পুলিশ।
নেত্রকোনায় দুই বাসের চাপায় পড়ে শ্রমিকের মৃত্যু : নেত্রকোনার পৌরশহরে পারলা এলাকায় ঢাকা বাসস্ট্যান্ডে দুই বাসের চাপায় খোরশেদ আলম (৪০) নামে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। রবিবার দুপুর ১টার দিকে এ ঘটনায় নিহত শ্রমিক নেত্রকোনা-ঢাকা চলাচলকারী শাহজালাল পরিবহনের সুপারভাইজর। তার বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মোগলটলা গ্রামে।
নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ শ্রমিক নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। অভিযোগ অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দিনাজপুরে ট্রাকের চাপায় ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত : দিনাজপুর শহরের জোড়া ব্রিজের সামনে ট্রাকচাপায় আসাদুজ্জামান (৪৫) নামে এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির মৃত্যু হয়েছে। গতকাল বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত আসাদুজ্জামান রাজশাহী সদর উপজেলার কাশিয়াডাঙ্গা আদাদিয়াপাড়া এলাকার মৃত আজিজুল ইসলামের ছেলে। তিনি ডেলটাফার্মা ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে।
