ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বাংলাদেশ-পাকিস্তান মিরপুর টেস্টের প্রথম দিন বৃষ্টি ও আলোক স্বল্পতায় খেলা হয় ৫৭ ওভার। দ্বিতীয় দিন থেমে থেমে চলা বৃষ্টির কারণে মাঠে গড়াতে পারে কেবল ৬.২ ওভার। আর তৃতীয় দিনের পুরোটাই গেছে বৃষ্টির পেটে। গতকাল দুপুর ২টার দিকে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরিস্থিতি অনুকূলে থাকলে আজ চতুর্থ দিনের খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়। মোট ৯৮ ওভার খেলার পরিকল্পনা করা হয়েছে।
ম্যাচ রেফারি নিয়ামুর রশিদের পরামর্শ মেনে গতকাল মাঠেই আসেনি দুই দল। দ্বিতীয় দিন যখন মাঠে খেলা হচ্ছিল না, সাকিব আল হাসান পিচ কভারে জমে থাকা জলে গা ভাসিয়ে বৃষ্টির আনন্দ নিচ্ছিলেন, পাকিস্তান দল সময়টা কাজে লাগায় অন্যভাবে। ড্রেসিং রুমেই ব্যাট-বল নিয়ে নেমে পড়ল খেলতে, সে খেলায় ‘ইতিহাসও’ গড়ে ফেললেন অধিনায়ক বাবর আজম। তবে সেটা ব্যাট হাতে নয়, তার দাবি, বল হাতে ১০ উইকেট তুলে নিয়েছেন তিনি!
সেই ম্যাচের ভিডিও তুলে পাকিস্তান ক্রিকেট বোর্ড টুইটারে দিয়ে ক্যাপশনে লিখেছে, ‘বৃষ্টি হয়ত আমাদের ছেলেদের মাঠের বাইরে রেখেছে। তবে তারা ড্রেসিংরুমে একটি মজাদার ম্যাচ খেলেন। বাবর আজম প্রথমে ব্যাট করতে নামেন এবং বেশ সতর্কভাবে শুরু করেন। তবে ইমামের একটি আগুনে ডেলিভারি তার ইনিংসের সমাপ্তি টেনে দেয়।’ সেই ভিডিওর থ্রেডে সেই ‘ম্যাচের’ আরও ভিডিও প্রকাশ করা হয়। সেখানে দেওয়া হয় ম্যাচের বর্ণনাও। সেখানে লেখা হয়, ‘বাবর তার প্রতিশোধ নেন। সউদ শাকিল কিছুটা প্রতিরোধ গড়েন। ইমাম ব্যাট করতে এলে ডিআরএস ব্যবহার করতে হয়। বাবর আগুনে বোলিং করেন। তার দাবি তিনি ম্যাচে ১০ উইকেট নিয়েছেন।’
