চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দুটি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তারা হলেন বড়হাতিয়া ইউনিয়নে বিজয় কুমার বড়–য়া এবং পুটিবিলা ইউনিয়নে জাহাঙ্গীর হোসেন মানিক। গতকাল মঙ্গলবার লোহাগাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদ্দাম হোসেন রুমান খান বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, বড়হাতিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে অন্য কোনো প্রার্থী না থাকায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়–য়াকে বিজয়ী ঘোষণা করা হয়। এছাড়া পুটিবিলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ফরিদুল আলম মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় অবশিষ্ট একমাত্র প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর হোসেন মানিককে বিজয়ী ঘোষণা করা হয়।
উল্লেখ্য, চতুর্থ দফার ইউপি নির্বাচনে আগামী ২৬ ডিসেম্বর লোহাগাড়া উপজেলার আরও চারটি ইউনিয়নের সঙ্গে এ দুটি ইউনিয়নেও ভোটগ্রহণের কথা ছিল।
