নোয়াখালীতে সংবাদ সম্মেলন

সুষ্ঠু নির্বাচনের দাবি নৌকার প্রার্থীর

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১২:৪৭ এএম

নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন দেলু সুষ্ঠু নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় স্থানীয় দাদপুর বাজারে নিজ নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

এ সময় তিনি অভিযোগ করেন, আমার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ (স্বতন্ত্র) প্রার্থী মিজানুর রহমান শিপন তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমি এবং আমার লোকজনকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে। তারা অস্ত্রের মহড়া দিচ্ছে। ভোটের দিন দুপুর ১২টার মধ্যে কেন্দ্র দখল করার হুমকি দিয়ে বিভিন্ন স্থানে বৈঠক করছে। তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট দাবি করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হারুন প্রমুখ।

তবে মিজানুর রহমান শিপন বলেন, এসব অভিযোগ মিথ্যা। নৌকা প্রতীকের প্রার্থীর লোকজন আমার কর্মী-সমর্থকদের হুমকি ও প্রচারে বাধা দিচ্ছে।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত