ভারতের তামিলনাড়ুর কুন্নুরে জঙ্গলের মধ্যে দেশটির সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ওই হেলিকপ্টারে ভারতীয় সেনাবাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ বা সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতসহ ১৪ জন সেনা কর্মকর্তা ছিলেন। বিপিন রাওয়াতের স্ত্রীও ওই কপ্টারেই ছিলেন বলে জানা গিয়েছে।
দুর্গম পাহাড়ি এলাকায় দুর্ঘটনা ঘটার পর আহত সেনাকর্মকর্তাদের উদ্ধার করা হয়েছে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নীলগিরির কালেক্টর জানিয়েছেন, কপ্টার দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত ৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। অনেকেই এখনও নিখোঁজ। উদ্ধারকাজ চলছে।
বুধবার দুপুর ১২টা ৪০ মিনিট নাগাদ কুন্নুরে গভীর জঙ্গলের উপর ভেঙে পড়ে সেনার এমআই- ১৭ কপ্টারটি। ভেঙে পড়ার পরেই হেলিকপ্টারে আগুন ধরে যায়।
সেনা সূত্রে জানা গেছে, হেলিকপ্টার চারজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। এদের মধ্যে তিনজনকে উদ্ধার করা হয়েছে। তবে সাবেক সেনাপ্রধান এবং বর্তমান সেনা-সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের ভাগ্যে কী ঘটেছে তা এখনও জানা যায়নি।
