বুরুন্ডিতে অগ্নিকাণ্ডে ৩৮ কারাবন্দী নিহত

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ০৩:৫৭ পিএম

পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডিতে জেলে আগুন লেগে কমপক্ষে ৩৮ জন বন্দীর মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও ৬০ জন।

মঙ্গলবার বুরুন্ডির গিটেগায় সেন্ট্রাল জেলে আগুন লাগে। এই জেলে ধারণ ক্ষমতার অতিরিক্ত বন্দী ছিল।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে একজন বন্দী জানিয়েছেন, আগুন লাগার পরেও রক্ষীরা সেল খোলার ব্যাপারে দ্বিধাগ্রস্ত ছিল।

তিনি বলেন, ‘আমরা যখন আগুন দেখি, তখনই চিৎকার করে সেল খুলতে বলি। আমরা বলি, সেল না খুললে আমরা জীবন্ত দগ্ধ হয়ে মারা যাব। কিন্তু রক্ষীরা তাও সেলের দরজা খুলতে রাজি হয়নি।’

এই নিয়ে ওই কারাগারে চলতি বছরে দ্বিতীয়বার আগুন লাগলো।

গত আগস্টে একবার আগুন লেগেছিল। তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে বলা হয়েছিল, শর্ট সার্কিটের জন্যই আগুন লাগে। ওই সময় কেউ মারা যাননি। এবার কেন আগুন লেগেছে, তা জানা যায়নি।

স্থানীয় মিডিয়া জানিয়েছে, ওই জেলে ৪০০ বন্দী থাকার কথা। কিন্তু ছিল দেড় হাজার জন। এটা অবশ্য বুরুন্ডির বরাবরের সমস্যা। গত জুনে জেলগুলোকে খালি করার জন্য পাঁচ হাজার ২৫৫ জন বন্দীকে মুক্তি দেওয়া হয়।

এখন বুরুন্ডির কারাগারে ১৩ হাজার ২০০ জন বন্দী আছে। অথচ, কারাগারে থাকার জায়গা আছে মাত্র চার হাজার ১০০ জনের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত