বহুল আলোচিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ রাব্বী হত্যা মামলায় দেওয়া আদালতের রায়ের পর নিহতের ছোট ভাই আবরার ফাইয়াজ বলেছেন, দাবি এখন একটাই দ্রুত রায় কার্যকর করা হোক।
বুধবার আলোচিত হত্যা মামলায় ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান।
রায়ের পর আবরার ফাহাদ রাব্বীর ছোট ভাই ফেইসবুকে পোস্ট দিয়ে তার প্রতিক্রিয়া জানান।
তিনি লিখেছেন, আমরা সন্তুষ্ট কীনা? কেবল তো রায় দিয়েছে। খুনি গুলো এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে। সন্তুষ্ট সেদিনই হব যেদিন এদের মৃতদেহ কারাগার থেকে বের হবে। আশা ছিল ২৫ জনেরই ফাঁসি হবে কিন্তু যা হয়েছে আলহামদুলিল্লাহ। এখন ২ বছর ২ মাস লাগল এই রায় আসতে শঙ্কা এখানেই। উচ্চ আদালতে তাহলে কত দিন?
তিনি লিখেছেন, আর দেখেছেন আসামিরা এখনো কতটা নিশ্চিন্ত যখন তাদের নিয়ে যাওয়া হচ্ছে প্রিজনভ্যানে। তারা কীসের আশায় এতটা শান্ত? এদেরকে এভাবে দেখে কী সন্তুষ্ট হওয়া সম্ভব?
তিনি আরও লিখেছেন, দাবি এখন একটাই দ্রুত রায় কার্যকর করা হোক! উচ্চ আদালতে যেন আর বিলম্ব না হয়।
সবশেষে তিনি সকলের কাছে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সকলের সমর্থন ও সহানুভূতিই বিচারকে এত দূর নিয়ে এসেছে।
