আলোচনার মধ্যেই ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১০:৫১ পিএম

পরমাণু ইস্যুতে বিশ্বশক্তিগুলোর সঙ্গে আলোচনার মধ্যেই ইরানের বিরুদ্ধে ফের নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নতুন করে আরোপিত নিষেধাজ্ঞায় পশ্চিম এশিয়ার এই দেশটির আট ব্যক্তি ও চার প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে। গত মঙ্গলবার সর্বশেষ এই নিষেধাজ্ঞা আরোপ করা হয় বলে জানিয়েছে এএফপি।

এদিকে অস্ট্রিয়ার ভিয়েনায় পরমাণু আলোচনার মধ্যেই নতুন করে আরোপিত নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে ভিয়েনা সংলাপে ইরানের ওপর চাপ সৃষ্টি করা যাবে না।

তিনি বলেছেন, যখন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা চলছে এবং যুক্তরাষ্ট্র দাবি করছে যে, ওয়াশিংটন এই সমঝোতায় ফিরতে চায় তখন এ ধরনের নিষেধাজ্ঞা দেশটির আন্তরিকতাকে প্রশ্নবিদ্ধ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত