বিপিনের শেষকৃত্য আজ

হেলিকপ্টারের ব্ল্যাক বক্স উদ্ধার

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১০:৫২ পিএম

তামিলনাড়ুতে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ভারতের প্রতিরক্ষাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতসহ নিহত ১৩ জনের লাশ দিল্লিতে নিয়ে পূর্ণ সামরিক মর্যাদায় শেষকৃত্য করা হবে। গতকাল বৃহস্পতিবার দেশটির পার্লামেন্ট সদস্যদের এ কথা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।গত বুধবার বিপিন রাওয়াতকে বহন করা এমআই-১৭ হেলিকপ্টারটি কুন্নুরের গভীর জঙ্গলে বিধ্বস্ত হওয়ার পর তাতে আগুন ধরে যায়। এতে কপ্টারের ১৪ আরোহীর মধ্যে বেঁচে আছেন শুধু গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। তাকে গুরুতর অবস্থায় তামিলনাড়ুর ওয়েলিংটনের সামরিক হাসপাতালে থেকে গতকাল বেঙ্গালুরে নেওয়া হয়েছে। বরুণ লাইফ সাপোর্টে আছেন বলে জানিয়েছেন রাজনাথ সিং।

গতকাল সন্ধ্যায় সামরিক বিমানে করে বিপিন রাওয়াত, তার স্ত্রী মধুলিকা ও অন্যদের লাশ দিল্লিতে নেওয়া হয়। আজ শ্রদ্ধা নিবেদনের পর দিল্লি সেনাছাউনির ব্রার স্কয়ারে তাদের শেষকৃত্য হবে।

গতকাল সকালে দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটির ব্ল্যাক বক্স পাওয়া গেছে বলে খবর দিয়েছে এনডিটিভি। ব্ল্যাক বক্স মেলায় এখন দুর্ঘটনার আগমুহূর্তের পরিস্থিতি সম্বন্ধে জানা যাবে বলে আশা করছেন কর্মকর্তারা। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ জানান, ঘটনা তদন্তে তিন বাহিনীর সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে এয়ার মার্শাল মানবেন্দ্র সিংকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত