গৃহবধূকে নির্যাতন করে জুতোর মালা পরালেন ইউপি সদস্য!

আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ০২:০৬ এএম

বাগেরহাটের মোল্লাহাটে এক গৃহবধূকে গলায় জুতোর মালা পরিয়ে লাঠি দিয়ে পিটিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে। ওই গৃহবধূর সঙ্গে অন্য পুরুষের সঙ্গে সম্পর্কের অভিযোগ তুলে ইউপি সদস্য কাওসার চৌধুরী এই নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। কাওসার চৌধুরী মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য। এ ঘটনার পর নির্যাতনের শিকার গৃহবধূ বাড়ি ছেড়ে আত্মগোপনে গেছেন। গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। এ-সংক্রান্ত একটি ভিডিও গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়ে। গতকাল বৃহস্পতিবার তা জানাজানি হয়।

গত বুধবার স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো ওই ইউপি সদস্যের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নাম প্রকাশ না করার শর্তে সিংগাতি গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, নির্যাতনের শিকার এই গৃহবধূর স্বামী সৌদি প্রবাসী। তিনি তার তিন মেয়েকে নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করেন। গত মঙ্গলবার সকালে ইউপি সদস্য কাওসার চৌধুরী তার লোকজন নিয়ে ওই গৃহবধূর বাড়িতে এসে অশ্রাব্য ভাষায় গালাগাল করতে থাকেন। সে সময় তিনি ওই গৃহবধূর পরপুরুষের সঙ্গে অনৈতিক সম্পর্ক রয়েছে বলে অভিযোগ তুলে তাদের পায়ের স্যান্ডেল রশি দিয়ে বেঁধে মালা তৈরি করে গলায় ঝুলিয়ে লাঠি দিয়ে পিটিয়ে চলে যান।

মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদ হোসেন দুপুরে এই প্রতিবেদককে বলেন, প্রশাসনের কাছে খবরটি আসার পরপরই দুই কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়। ওই গৃহবধূর স্বামী সৌদি প্রবাসী। তিনটি মেয়ে নিয়ে তার স্বামীর বাড়িতে বসবাস করেন। তারা ওই গৃহবধূর বাড়ি তালাবদ্ধ দেখতে পেয়ে প্রতিবেশীদের সঙ্গে কথা বলেছেন। নির্যাতিত গৃহবধূকে খুঁজে বের করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। গৃহবধূর সঙ্গে যেটি হয়েছি তা ফৌজদারি অপরাধ। এই অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন এই কর্মকর্তা।

মোল্লাহাট থানার ওসি সোমেন দাশ এই প্রতিবেদককে বলেন, ওই গৃহবধূর এক আত্মীয়ের সঙ্গে অনৈতিক সম্পর্ক রয়েছে এমন অভিযোগ তুলে এই অভিযোগে ঘটনার পর থেকে ওই গৃহবধূ তার ঘরে তালা দিয়ে পরিবারের সদস্যদের নিয়ে অন্যত্র চলে যাওয়ায় তাকে আমরা খুঁজে পাচ্ছিলাম না। গতকাল বৃহস্পতিবার ওই গৃহবধূর সন্ধান পেয়েছি। তার সঙ্গে ফোনে কথা হয়েছে। তাকে থানায় আসতে বলেছি। এলেই ঘটনা শুনে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কথা বলার চেষ্টা করে চুনখোলা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য কাওসার চৌধুরীকে পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত