টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আদিলুর রহমান খান চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন না পেয়ে মেম্বার (সদস্য) পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল শুক্রবার সকালে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, গোড়াই ইউনিয়নের চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ার মৃত্যুর পর প্যানেল চেয়ারম্যান হিসেবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান ১ নম্বর ওয়ার্ডের সদস্য আদিলুর রহমান খান। পঞ্চম ধাপে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর তিনি ওই ইউনিয়নের চেয়ারম্যানে পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেন। দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে এলাকায় প্রচারণাও শুরু করেন। গত ৩ ডিসেম্বর প্রকাশিত দলের মনোনয়ন বোর্ডের চূড়ান্ত তালিকায় নিজের নাম না থাকায় আদিলুর রহমান তার নিজের ১ নম্বর ওয়ার্ড থেকে মেম্বার পদে নির্বাচনের সিদ্ধান্ত নেন। পরে তিনি মেম্বার পদে মনোনয়নপত্র জমা দেন।
এ বিষয়ে আদিলুর রহমান বলেন, ‘আমার উদ্দেশ্য মূলত জনসেবা করা। জনসেবা করতে শুধু চেয়ারম্যান হতে হবে তা নয়, মেম্বার হয়েও জনগণের সেবা করা সম্ভব।’
