কক্সবাজারের অপহৃত চার স্কুলছাত্রের তিনজন উদ্ধার

আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ০২:২৫ এএম

কক্সবাজারের রামুর খুনিয়াপালংয়ের সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের অপহৃত চার স্কুলছাত্রের তিনজনকে উদ্ধার করেছে র‌্যাব ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন। গতকাল শুক্রবার সন্ধ্যায় টেকনাফ শালবাগান পাহাড় এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে। আরেক ছাত্রের সন্ধানে ওই এলাকায় অভিযান চলছিল। 

১৬ এপিবিএনের এসপি তারিকুল ইসলাম উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, উদ্ধার স্কুলছাত্ররা হলো মোহাম্মদ কায়সার, মিজানুর রহমান নয়ন, জাহিদুল ইসলাম। তবে মিজানুর রহমান নামের আরেকজন এখনো উদ্ধার হয়নি। তাকে উদ্ধারে যৌথ অভিযান চলছে।

গতকাল সন্ধ্যায় র‌্যাব-১৫’র অধিনায়ক খায়রুল আমিন সরকার বলেন, ‘শালবাগান পাহাড় থেকে মোট তিনজনকে উদ্ধার করা হয়েছে। এ সময় তাদের অপহরণকারী চক্রের একজনকেও আটক করেছে র‌্যাব। তাদের দেওয়া তথ্য অনুযায়ী বাকি একজনের উদ্ধারের চেষ্টা চলছে।’

গত মঙ্গলবার রোহিঙ্গাদের একটি চক্র খুনিয়াপালং ইউনিয়নের পেঁচারদ্বীপের মাঙ্গালাপাড়া এলাকার আবদুর রহিমের ছেলে মোহাম্মদ কায়সার, একই এলাকার মোহাম্মদ আলমের ছেলে মিজানুর রহমান নয়ন, আবদুস সালামের ছেলে জাহিদুল ইসলাম ও ফরিদুল আলমের ছেলে মিজানুর রহমানকে অপহরণ করে বলে থানায় অভিযোগ করে তাদের পরিবার। রামু থানায় করা অভিযোগে তারা দাবি করেন, রোহিঙ্গাদের চক্রটি ওই চার স্কুলছাত্রকে ফিরিয়ে দিতে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে।

রামু থানা পুলিশ জানায়, অপহৃতদের মধ্যে জাহেদুল ইসলাম সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণি ও বাকিরা অষ্টম শ্রেণির ছাত্র।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত