শ্রীপুরে বিদ্যালয়ে আগুন, পুড়েছে ৬ কক্ষ

আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ০৬:২৮ পিএম

গাজীপুরের শ্রীপুরে একটি উচ্চ বিদ্যালয়ে আগুন লেগে ৬টি শ্রেণিকক্ষ পুড়ে গেছে। টিনশেড আধা ৬ কক্ষে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির ক্লাস নেওয়া হতো। তবে এ অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি।

শনিবার দুপুরের পরে বরমী বাজার উচ্চ বিদ্যালয়ে এ আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, দুপুরের পরে বিদ্যালয়ের মাঠের পূর্ব পাশের তাল কাঠের বাজার লাগোয়া আধা পাকা একটি কক্ষে আচমকা আগুন চোখে পড়ে। এ সময় শ্রেণি কক্ষগুলো তালাবদ্ধ ছিল। দুপুরে শিক্ষার্থীরা ক্লাস শেষে চলে গেলে এ আগুনের সূত্রপাত হয়। তবে কেউ আহত হয়নি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর কাজ করে।

বরমী বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বারী তারেক জানান, আগুন লাগার পর প্রথমে স্থানীয়ভাবে তা নেভানোর চেষ্টা করা হয়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যে ৬টি টিনশেড আধপাকা কক্ষ পুড়ে গেছে। এ সময় আগুনে ৬টি কক্ষে থাকা বেঞ্চ, ফ্যান, সিসিটিভি ক্যামেরা ও অন্যান্য সামগ্রী পুড়ে গেছে।

শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার সার্ভিস কর্মী ইব্রাহিম হোসেন জানান, স্কুলের ৬টি কক্ষ পুড়েছে। আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। তদন্তের পর বলা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত