লিলির সন্ধান দাবিতে দৌলতদিয়ায় মানববন্ধন

আড়াইহাজারে জেহাদির সন্ধান চান এমপি বাবু

আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১০:৩৫ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারের মাওলানা জাহাঙ্গীর আলম জেহাদির সন্ধান চেয়ে গতকাল শনিবার মানববন্ধন করা হয়েছে। গত ২২ নভেম্বর রাজধানীর উত্তরায় অসুস্থ বাবাকে দেখতে গিয়ে নিখোঁজ হন তিনি।

আলোচিত জেহাদির খোঁজ পেতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু। গতকাল দুপুরে আড়াইহাজার শহীদ মিনারের সামনের রাস্তায় মানববন্ধনে অংশ নেন জিহাদির পরিবার ও স্থানীয়রা।

একই সময়ে সাংসদ বাবু নিজের ভেরিফাইড ফেইসবুক আইডিতে স্ট্যাটাস দেন, কেউ যদি জিহাদির সন্ধান পেয়ে থাকেন তবে তার পরিবারের সঙ্গে বা আমার সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। এরপর নিচে নিজের মোবাইল নম্বর দেন।

মানববন্ধনে অংশ নেন মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা নাসির উদ্দিন, মাওলানা আক্তার হোসেন সুরুজী, মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা মাহবুব প্রমুখ। এতে মাওলানা জিহাদির সন্তান জোনায়েদ, নাবিলাসহ স্বজনরা উপস্থিত ছিলেন।

মাওলানা জিহাদির বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের পাচানী গ্রামে। তিনি স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন মাহফিলে ওয়াজ করতেন।

অন্যদিকে, এক মাসের বেশি সময় ধরে নিখোঁজ রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দা ও মুক্তি মহিলা সমিতির কার্যনির্বাহী কমিটির সহসভাপতি লিলি বেগমের (৩৮) সন্ধান দাবিতে গতকাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সমিতির কার্যালয়সংলগ্ন রেললাইনের পাশে দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম এতে সভাপতিত্ব করেন। আলো প্রোগ্রামের ফিল্ড ফ্যাসিলিটেটর মো. নুরুজ্জামানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আবদুর রহমান মন্ডল, মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মুঞ্জ, কর্মজীবী কল্যাণ সংস্থার ফকির আমজাদ হোসেন, পায়াক্ট বাংলাদেশ দৌলতদিয়া শাখার মুজিবুর রহমান জুয়েল, সেক্স ওয়ার্কার নেটওয়ার্ক বাংলাদেশের ফরিদা পারভিন, আলো প্রোগ্রামের আঁখি আক্তার, নিখোঁজ লিলি বেগমের জামাতা মুরাদ হাসান, চাইল্ড ক্লাবের আলামিন ব্যাপারী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, নিখোঁজের প্রায় মাস পেরিয়ে গেলেও প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী লিলি বেগমের কোনো খোঁজ দিতে পারেনি।

গত ১০ নভেম্বর দুপুরে ‘কথিত স্বামী’ সামছু মাস্টারপাড়ার আবদুল লতিফ শেখের বাড়িতে নিমন্ত্রণে যেতে বের হওয়ার পর থেকে নিখোঁজ লিলি বেগম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত