কানাডা-দুবাইয়ে ঠাঁই না পেয়ে ঢাকায় ফিরলেন মুরাদ

আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ০৫:১৮ পিএম

কানাডার পর দুবাইয়ে ঢুকতে চেয়েও ব্যর্থ হওয়া সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান দেশে ফিরেছেন। রবিবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের একটি সূত্র দেশ রূপান্তরকে এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে মুরাদ এমিরেটস এয়ারলাইনসের ইকে ৫৮৬ ফ্লাইটের টিকিট কিনেছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র।

সারা বিশ্বে বিমান চলাচল পর্যবেক্ষণকারী ‘ফ্লাইটস্টারস’-এর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, দুবাই বিমানবন্দর থেকে রবিবার সকাল ১০টা ৪৬ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের ইকে ৫৮৬ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়। ফ্লাইটটি রবিবার বিকেল ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

অশালীন বক্তব্য দিয়ে প্রতিমন্ত্রীর পদ হারানোর পর গত বৃহস্পতিবার রাত ১টা ২০ মিনিটে কানাডার উদ্দেশে ঢাকা ছাড়েন মুরাদ হাসান। এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইট ইকে ৮৫৮৫-এ তিনি প্রথমে দুবাই যান, এরপর সেখান থেকে আরেকটি ফ্লাইটে কানাডার উদ্দেশে যাত্রা করেন।

তবে টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেয় কানাডীয় কর্তৃপক্ষ।

উত্তর আমেরিকার ‘নতুন দেশ’ নামের একটি বাংলা সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, মুরাদকে কানাডায় ঢুকতে দেয়নি দেশটির বর্ডার সার্ভিসেস এজেন্সি (সিবিএসএ)। অভিবাসী বাংলাদেশের আপত্তির মুখেই কানাডার সরকার এমন সিদ্ধান্ত নেয় বলে দাবি করেছে অসমর্থিত বিভিন্ন সূত্র।

তবে বিশ্বস্ত একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, করোনাভাইরাসসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র না থাকার কারণেই মুরাদকে কানাডার ইমিগ্রেশন ফিরিয়ে দেয়।

মুরাদ হাসান এরপর মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে ঢোকার চেষ্টা করেন। কিন্তু ভিসা না থাকায় দুবাইয়ে ইমিগ্রেশনও আটকে দেয় সাবেক এই প্রতিমন্ত্রীকে।

দুবাইয়ে ব্যর্থ হওয়ার পর শুরুতে এমিরেটসের ইকে ০৫৮২ ফ্লাইটে ঢাকা ফেরার প্রস্তুতি নেন মুরাদ হাসান। এর টিকিটও তিনি কেনেন। ওই ফ্লাইটে এলে রবিবার সকাল ৮টা ২০ মিনিটে তার ঢাকা পৌঁছানোর কথা ছিল।

তবে শেষ মুহূর্তে ফ্লাইট পরিবর্তন করে ইকে ৫৮৬ ফ্লাইটে ঢাকায় আসার সিদ্ধান্ত নেন মুরাদ।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার নাতনি জাইমা রহমানকে নিয়ে অশালীন মন্তব্যের পর এক চিত্রনায়িকার সঙ্গে মুরাদের অশালীন বক্তব্যের অডিও ফাঁস হয়। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পদত্যাগ করেন মুরাদ।

তীব্র নিন্দার মুখে তিনি ঢাকা থেকে চট্টগ্রাম চলে যান। এরপর গত সোমবার রাত প্রধানমন্ত্রী তাকে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন। পরদিন মঙ্গলবার তিনি পদত্যাগপত্র পাঠান।

পদত্যাগের পর মুরাদ হাসান সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন এবং তাতে তিনি লিখেছিলেন, যদি তার কোনো ভুল হয় তাহলে যেন ক্ষমা করা হয়। এরপর বৃহস্পতিবার রাতে কানাডার উদ্দেশে ঢাকা ছাড়ের মুরাদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত