সন্তানের অধিকার নিয়ে বাবা-মায়ের আইনি লড়াই প্রায়ই চোখে পড়ে। সে ক্ষেত্রে গুরুত্ব বুঝে আদালত হয় বাবা না হয় সন্তানের অধিকার দিয়ে থাকে মাকে।
কিন্তু, একটি মামলায় নজিরবিহীনভাবে কলকাতা হাইকোর্ট এক সন্তানের অভিভাবকত্ব দিয়েছে তার মৃত মায়ের বান্ধবীকে।
হিন্দুস্তান টাইমস জানায়, শিশুর মা মারা যান প্রায় তিন বছর আগে। তারপরেই সন্তানের ওপর অধিকার চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন বাবা।
ওই মামলার পরিপ্রেক্ষিতে এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চ।
হাইকোর্ট সূত্রে জানা গেছে, বর্তমানে ওই শিশুর বয়স সাড়ে চার বছর। ২০১৮ সালে শিশুর মা আত্মহত্যা করেন। এরই মধ্যে স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলার কারণে জেলে ছিলেন শিশুর বাবা। ফলে শিশুটি নানির কাছেই মানুষ হচ্ছিল।
কিন্তু, পরের বছর শিশুর নানিও আত্মহত্যা করেন। তারপর এই শিশুটি বেড়ে উঠছিল নানির প্রতিবেশী জুলি রায় নামে এক মহিলার কাছে। জুলি ওই শিশুর মায়ের বান্ধবী।
