আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক ড. মো. সেলিম হোসেনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে খুলনার খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার জানান, আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে বুধবার সকাল ১০টায় কুষ্টিয়ার কুমারখালীর বাশগ্রাম কবরস্থান থেকে শিক্ষকের মরদেহটি উত্তোলন করা হয়েছে।
এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহম্মেদ সাদাত উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩০ নভেম্বর বেলা ৩টায় মারা যান কুয়েট শিক্ষক প্রফেসর ড. মো. সেলিম হোসেন (৩৮)। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের লালনশাহ হলের ডিসেম্বর মাসের খাদ্য-ব্যবস্থাপক (ডাইনিং ম্যানেজার) পদে নিজের লোককে নিয়োগ দেওয়ার জন্য ড. সেলিমকে চাপ দেন কুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান।
ঘটনার দিন দাপ্তরিক কক্ষে সাদমান নাহিয়ান ও তার অনুগতদের অশালীন আচরণ ও মানসিক নির্যাতনেরও শিকার হন ড. সেলিম।
