ঢাবি ছাত্রীর মৃত্যু: স্বামী ইফতেখার ৩ দিনের রিমান্ডে

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ০৭:৩২ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ইলমা চৌধুরী মেঘলার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় স্বামী ইফতেখার আবেদীনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম রিমান্ড মঞ্জুর করেন। ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানিয়েছে, বনানী থানার উপপরিদর্শক সালাউদ্দিন মোল্লা মামলায় গ্রেপ্তার আসামি ইফতেখার আবেদীনকে আদালতে হাজির করে ৭ দিন রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, রাজধানীর বনানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ইলমা চৌধুরী মেঘলার (২৬) মৃত্যু হয়। পুলিশ ইউনাইটেড হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় স্বামী ইফতেখারকে গতকাল মঙ্গলবার আটক করে পুলিশ। ইলমার মৃত্যুর ঘটনায় তার বাবা সাইফুল ইসলাম চৌধুরী আজ বাদী হয়ে রাজধানীর বনানী থানায় হত্যা মামলা করেন।

মামলায় ইফতেখার আবেদীন, তার মা শিরিন আমিন ও ইফতেখারের পালক বাবা মো. আমিনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, চলতি বছরের এপ্রিলে ইলমার সঙ্গে ইফতেখারের বিয়ে হয়। বিয়ের পর ইফতেখার ও তার মা–বাবা ইলমাকে পড়ালেখা বন্ধ করে দিতে বলেন। ইলমা পড়া বন্ধ করতে না চাওয়ায় ইফতেখার ও তার মা–বাবা মিলে তাকে শারীরিকভাবে নির্যাতন করতেন। একপর্যায়ে মাথার চুল কেটে দেওয়া হয়। বিয়ের তিন মাস পর ইফতেখার কানাডায় চলে যান।

ইফতেখার ১২ ডিসেম্বর ঢাকায় ফেরেন। গতকাল সাইফুল ইসলামের স্ত্রীর মোবাইল ফোনে কল করে ইফতেখার জানান, তার মেয়ে গুরুতর অসুস্থ। চিকিৎসার জন্য গুলশানের একটি হাসপাতালে নেওয়া হচ্ছে। তাদের আসতে বলেন তিনি।

সাইফুল ইসলাম চৌধুরীর অভিযোগ করেন, আসামিদের সন্দেহজনক আচরণ দেখে মেয়ের লাশ পর্যবেক্ষণ করেন তিনি। দেখেন শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন। পরে মামলা করেন। এজাহারে তিনি বলেছেন, তিন আসামি পরস্পর যোগসাজশে পরিকল্পিতভাবে ইলমাকে মারধর করে হত্যা করেছেন।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া বলেন, মঙ্গলবার বিকেল চারটার দিকে এলমাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। ঘণ্টাখানেকের মধ্যে তাঁর মৃত্যু হয়। সুরতহালে এলমার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত