উত্তর কোরিয়ার ‘মতাদর্শিক গডফাদার’ কিম ইয়ং জু আর নেই

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ০৭:৫৪ পিএম

উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা এবং দেশটির সাবেক রাষ্ট্রপতি কিম ইল সাং-এর ছোট ভাই কিম ইয়ং জু মারা গেছেন। তিনি উত্তর কোরিয়ার ‘মতাদর্শিক গডফাদার’ হিসেবে খ্যাত ছিলেন। মৃত্যকালে তার বয়স হয়েছিলো ১০১ বছর।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কিম ইয়ং জু-এর মৃত্যুর বিষয় বুধবার নিশ্চিত করেছে।

দলের নিয়ম ও নীতি বাস্তবায়নের জন্য একনিষ্ঠভাবে সংগ্রাম করেছিলেন কিম ইয়ং জু এবং সেই সঙ্গে সমাজতান্ত্রিক বিভিন্ন বিষয় ত্বরান্বিত করতে অবদান রেখেছিলেন।

কিম ইয়ং জু ১৯৭০-এর শুরুর দিকে যখন উত্তর কোরিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন তখন তিনি দক্ষিণ কোরিয়ার সঙ্গে গোপন বৈঠক করেন, যার ফলস্বরূপ ১৯৭১ সালের ৪ জুলাই উত্তর-দক্ষিণ যৌথ ইশতেহার তৈরি হয়, যা  প্রথম আন্তঃকোরিয়ান চুক্তি হিসেবে পরিচিত।

১৯৭০-এর শুরুর দিকে বড় ভাই কিম ইল সাংয়ের উত্তরাধিকারি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কিম ইয়ং জু। ১৯৭৪ সালে তিনি উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু কিম ইল সাং তার ছেলে কিম জং ইলকে প্রধানমন্ত্রীর আসনে বসাতে চাওয়ার কারণে সৃষ্টি হয় জটিলতার। এর জের ধরে কিম ইয়ং জুকে রাজনৈতিক অবসরে পাঠানো হয়। পরে ১৯৯০-এর শুরুর দিকে তাকে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির একটি বিশেষ পদ দেওয়া হয়।

১৯৯৪ সালে কিম ইল সাংয়ের মৃত্যুর পর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তার ছেলে কিম জং ইল।  আর এ সময় রাজনৈতক মারপ্যাঁচে পরে যান কিম ইয়ং জু।

১৯২০ সালে জন্মগ্রহণ করেন কিম ইয়ং জু। তিনি রাশিয়ার মস্কো বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি, অর্থনীতি ও আইন বিষয়ে পড়াশোনা করেন এবং ১৯৫৩ সালে উত্তর কোরিয়া ফিরে আসেন।

কিম ইয়ং জুকে উত্তর কোরিয়ার ‘মতাদর্শিক গডফাদার’ বলা হয়। তিনি মনোলিথিক আইডিওলজিক্যাল সিস্টেম প্রতিষ্ঠার জন্য দশটি নীতির প্রস্তাব করেছিলেন, যা কিম ইল সুংয়ের বৈধতাকে আরো শক্তিশালী করেছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত