নোয়াখালী সদর উপজেলার একটি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর প্রচারে যোগ দিয়ে পিকআপ থেকে পড়ে নিহত হয়েছে দুই শিশু। গত বুধবার রাত ৮টার দিকে চরমটুয়া ইউনিয়নের মনারখিল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ওই দুই শিশুসহ ৮-১০ জন স্কুলছাত্র ওই প্রচার মিছিলে ছিল বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। তবে চেয়ারম্যান প্রার্থী দাবি করেছেন, তার প্রচার মিছিল নয়, বিজয় দিবস উপলক্ষে শোভাযাত্রা বের হয়েছিল।
নিহত দুই শিশু হলো ওই ইউনিয়নের রাউলদিয়ার ইউনিয়নের কামরুল ইসলাম মোহনের ছেলে মেহরাজ উদ্দিন (১২) ও ব্রহ্মপুর গ্রামের মো. সেলিমের ছেলে মো. সম্রাট (১১)। মেহরাজ স্থানীয় ঠেকারহাট হাজী আহম্মদ উল্ল্যা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। সে ওই চেয়ারম্যান প্রার্থীর দূর সম্পর্কের আত্মীয়। অন্যদিকে সম্রাট উদয় সাধুরহাট ইকরা প্রি-ক্যাডেট একাডেমির পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
দুর্ঘটনায় আহত দুজন হলেন মো. রাসেল (২০) ও জয়নাল (২১)। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের হাসপাতালে নিয়ে আসা স্থানীয় কয়েকজন জানান, বুধবার বিকেল থেকে পিকআপ ভ্যানে করে চরমটুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন বাবলুর নির্বাচনী প্রচারে অংশ নেয় মেহরাজ, সম্রাটসহ স্থানীয় স্থানীয় কিছু ছাত্র-যুবক। একপর্যায়ে পিকআপটি রাত ৮টার দিকে মনারখিল গ্রামের পীর মোছলেহ উদ্দিন সাহেবের মাজারের সামনে এসে পৌঁছলে চলন্ত পিকআপ ভ্যানের পেছনের ডালাটি হঠাৎ খুলে যায়। এতে পিকআপে থাকা তিন-চারজন স্কুলছাত্র নিচে পড়ে যায়। মেহরাজ পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। আহতদের প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে রাত ২টার দিকে মারা যায় সম্রাট।
মেহরাজের বাবা মোহন সৌদি আরব প্রবাসী। তার সঙ্গে কয়েকটি টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি যোগাযোগ করেন। এই সাংবাদিকরা দেশ রূপান্তরকে বলেছেন, মোহন তার ছেলেকে গাড়ির নিচে ফেলে হত্যার অভিযোগ করেছেন। তিনি বলেছেন আমার ছেলে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। এ সময় তাদের প্রচার মিছিল হচ্ছিল। সেই মিছিলে অংশ নেওয়া পিকআপের নিচে ফেলে তাকে মারা হয়েছে। তবে মোহনের পরিবারের কেউ থানায় অভিযোগ করেনি।
নির্বাচনী প্রচারে শিশুদের অংশ নেওয়ার বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের প্রার্থী কামাল উদ্দিন বাবলু দেশ রূপান্তরকে বলেন, ‘আমার নির্বাচনী প্রচারণায় নয়, বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালিতে অংশ নেওয়া একটি পিকআপের ড্রাইভার হঠাৎ ব্রেক করলে ভ্যানের ডালা খুলে এ দুর্ঘটনা ঘটে।’
কিন্তু প্রশ্ন উঠেছে, বিজয় দিবসের শোভাযাত্রা কেন আগের দিন বিকেলে বের হবে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে সুধারাম থানার ওসি মো. সাহেদ উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, এ ঘটনায় কোনো মামলা হয়নি। দুই ছাত্রের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
