ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অগ্নিকান্ডে ১৩টি দোকান ভস্মীভূত হয়েছে। গত বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে পৌর এলাকার পুরনো বাজারে এই অগ্নিকান্ড ঘটে। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
কসবা ফায়ার সার্ভিসের লিডার আবদুল কাদের বলেন, ‘আমরা রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে যাই। পরে কসবার দুটি, আখাউড়ার একটি ও ব্রাহ্মণবাড়িয়া সদরের একটিসহ মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।’
তিনি আরও বলেন, ভস্মীভূত ১৩টি দোকানের মধ্যে রেস্টুরেন্ট, কনফেকশনারি, সেলুন, স্টিলের আসবাবের দোকান, ফটোকপি, গ্যাস সিলিন্ডার, পোলট্রি ফিড ও মোবাইল সার্ভিসিংয়ের দোকান ছিল। অগ্নিকান্ডের কারণ জানা যায়নি।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম বলেন, ‘একটি রেস্টুুরেন্ট থেকে শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলেই আমাদের মনে হয়েছে।’
