চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দিনাজপুরের খানসামার ছয়টি ইউপিতে ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভোট। এ উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সহোদর। তারা হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মৃত আকবর আলী শাহের বড় ছেলে আবদুল জব্বার শাহ ও তার ছোট ভাই শাহ মোহাম্মদ জামাল উদ্দীন।
পারিবারিক দ্বন্দ্ব থাকায় আপন দুই ভাই প্রার্থী হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে আবদুল জব্বার শাহ আনারস প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন। তিনি তিনবারের সাবেক ইউপি চেয়ারম্যান। অপরদিকে, শাহ মোহাম্মদ জামাল উদ্দীনের প্রতীক মোটরসাইকেল। তিনি একটি মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ।
এ ছাড়া, ইউনিয়নটিতে অন্য প্রার্থীরা হলেন নৌকা প্রতীকের গোলাম মোস্তফা আহমেদ শাহ্ এবং ঘোড়া প্রতীকের (বিদ্রোহী) আবুল কালাম আজাদ।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা এখন ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। শীতকে উপেক্ষা করে করছেন সমাবেশ ও মতবিনিময় সভা। তবে সহোদর প্রার্থী হওয়ায় ইউনিয়নের ভোটারদের মধ্যে বিরাজ করছে কিছুটা উৎকণ্ঠা ও কৌতূহল।
ভোটার সুমন আলী বলেন, ‘দুই ভাই প্রার্থী হওয়ায় খুবই সমস্যায় পড়ে গেছি। বিশেষ করে তাদের আত্মীয়-স্বজন ও পাড়া প্রতিবেশীদের বেশি সমস্যা হচ্ছে।’
প্রার্থী বড় ভাই আবদুল জব্বার শাহ বলেন, ‘এলাকাবাসী আমাকে দাঁড়াতে বলছে, তাই ভোটে অংশ নিচ্ছি।’
ছোট ভাই শাহ মোহাম্মদ জামাল উদ্দীন বলেন, ‘বড় ভাই চেয়ারম্যান নির্বাচিত হয়ে মরহুম বাবা ও পরিবারের মান-সম্মান নষ্ট করে দেওয়ায় নির্বাচনে প্রার্থী হয়েছি।’
