দলের সিদ্ধান্ত না মেনে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় সিলেটের বিয়ানীবাজার উপজেলায় চার নেতা ও গোলাপগঞ্জ উপজেলায় দুই নেতাকে দল থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান গতকাল শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিয়ানীবাজারের চার নেতাকে বহিষ্কারের কথা জানান। এর আগে গত শুক্রবার বহিষ্কার করা হয় গোলাপগঞ্জের দুই নেতাকে।
বহিষ্কৃতরা হলেন বিয়ানীবাজারের কুড়ারবাজার ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুতিউর রহমান তোতা, মাথিউরা ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম বাবুল, তিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বিবেকানন্দ দাস, লাউতা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ গৌছ উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মাহতাব উদ্দিন জেবুল ও শরিফগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এম কবির উদ্দিন। অপরদিকে, চাঁদপুরের হাজীগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় দুই নেতাকে দল থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। গত ১৭ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক হাটিলা পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন মিয়াজী এবং উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ও গন্ধ্যর্বপুর উত্তর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম মিলিটারি।
