সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকার দোহার ও নবাবগঞ্জে ছাত্রদলের কর্মিসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার পৃথক সময়ে দুই উপজেলায় সম্মেলন অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় নবাবগঞ্জ উপজেলার কলাকোপা পুকুরপাড় এলাকায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খোন্দকার আবু আশফাকের বাড়ির আঙিনায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। নবাবগঞ্জ উপজেলা, দোহার-নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা ও ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের যৌথ উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়। অন্যদিকে একই দিন বেলা আড়াইটায় দোহারের রাইপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান নয়ন আলীর বাড়ির আঙিনায় উপজেলা ও জয়পাড়া বিশ^বিদ্যালয় ও কলেজ শাখা ছাত্রদলের কর্মীদের নিয়ে সম্মেলন করা হয়। দুটি অনুষ্ঠানেই সভাপতিত্ব করেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের আহ্বায়ক রবিউল ইসলাম অমিত এবং প্রধান অতিথি ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক সুলতানা জেসমিন জুঁই। সঞ্চালনা করেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সদস্য সচিব পারভেজ হাসান পাভেল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদ পারভেজ, নবাবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আজাদুল ইসলাম হাই পান্নু, সদস্য সচিব আবুল কালাম খন্দকার প্রমুখ।
×
