সড়কে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ট্রাকচাপা

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ০২:১৫ এএম

নোয়াখালীর সোনাইমুড়ীতে ইটবোঝাই ট্রাকচাপায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাংবাদিকতা বিভাগের ছাত্রী সাবরিনা আক্তার মিতু (২২) নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সোনাইমুড়ী পৌরসভার রামপুর এলাকার নোয়াখালী-ফেনী সড়কে এ দুর্ঘটনা ঘটে। একই দিন বগুড়ায় ট্রাকচাপায় মারা গেছেন পুণ্ড্র বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র কামরান হোসেন রিগ্যান (২৩)। এদিন দুপুর দেড়টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের গোদারপাড়া বাজারের মসজিদের সামনে ওই দুর্ঘটনা ঘটে। এ ছাড়া রাজধানী ঢাকায় গত শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন  শফিকুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি। 

দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত

আমাদের নোয়াখালী প্রতিনিধিনিধি জানিয়েছেন, নিহত জবি শিক্ষার্থী মিতু সোনাইমুড়ী উপজেলার পশ্চিম রামপুরা মোল্লা বাড়ির মর্তুজা ভুঁইয়ার মেয়ে।

মিতুর খালাতো ভাই মো. শামীম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয় সে। বাড়ির সামনের রাস্তা পার হওয়ার সময় কুমিল্লা থেকে নোয়াখালীগামী ইটবোঝাই ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মিতুর মৃত্যু হয়। 

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মৃদুল কান্তি কুরি বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ট্রাকটি আটক করে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং ট্রাকটি জব্দ করেছে।

এদিকে বগুড়া প্রতিনিধি জানিয়েছেন, আত্মীয়ের জানাজায় যাওয়ার পথে দ্রুতগামী ট্রাকের চাপায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ হারান পুণ্ড্র বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কামরান হোসেন রিগ্যান।

গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের গোদারপাড়া বাজারের মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে। কামরানের বাড়ি বগুড়ার কাহালু উপজেলার শেখাহার বাজার এলাকায়। তিনি বগুড়া শহরের বনানী এলাকায় বাসায় থেকে পড়াশোনা করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুর দেড়টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের গোদারপাড়া বাজার এলাকার মসজিদের সামনে একটি পণ্যবাহী ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে কামরান মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে যান। পরে দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

বগুড়ার সদর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্র কামরান হোসেনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে রাজধানীর গুলশান কোকাকোলা মোড়ে বাসের চাপায় শফিকুল ইসলাম (৩৫) নামে একজন নিহত হয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, শফিকুলের বাসা গুলশান নদ্দা এলাকায়। আগে তিনি ডিসের ব্যবসা করতেন। কিন্তু বর্তমানে কিছু করতেন না।

নিহত শফিকুলের চাচাতো ভাই ফারুক ইসলাম জানান, গুলশান কোকাকোলার মোড়ে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যান শফিকুল। এ সময় যাত্রীবাহী ভিক্টর ক্লাসিক পরিবহনের চাপায় গুরুতর আহত হন। রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তিনি মারা যান।

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) শিল্পী আক্তার দেশ রূপান্তরকে জানান, এ ঘটনায় যাত্রীবাহী বাসটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত