দৌলতদিয়া ঘাটে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি (ভিডিও)

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ০৪:০৬ পিএম

রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাটে ভোগান্তি যেন চলাচলকারীদের নিত্য সঙ্গী। এই নৌরুটে বর্ষা মৌসুমে নদীতে স্রোত, শুষ্ক মৌসুমে নদীতে নাব্যতা সংকট ও শীতে কুয়াশাজনিত কারণে ফেরি চলাচলে বিঘ্ন ঘটার জন্য দৌলতদিয়া ঘাট ব্যবহারকারীদের ভোগান্তি বেড়ে যায় চরমে। আজ সকাল থেকেই ঘাট এলাকায় দেখা গেছে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি।

অন্যদিকে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের ফেরিগুলোতে ভারী যানবাহন পারাপার না করানোর জন্য তার অনেকটা প্রভাব দৌলতদিয়া ঘাটে এসে পড়েছে। ফলে ঘাট পাড়ে লেগেই থাকছে যানবাহনে যানজট।

সরেজমিন দৌলতদিয়া ঘাট এলাকায় ঘুরে দেখা যায়, ঘাটের জিরো পয়েন্ট হতে ঢাকা -খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকা পর্যন্ত পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানের দীর্ঘ সারি, যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে, আর যাত্রীবাহী বাস থাকলেও তুলনামূলকভাবে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারির থেকে কম। তবে যাত্রীবাহী বাসগুলোকে ফেরির নাগাল পেতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে না।

ট্রাক চালক তুহিন শেখ দেশ রূপান্তরকে বলেন, আমি ১০ বছরের বেশি সময় ধরে ট্রাক চালাচ্ছি আগেও এই নৌরুটে ফেরি পাওয়ার জন্য আমাদের অনেক দিন অপেক্ষা করতে হতো এখনো তার ব্যতিক্রম হয়নি।

 

দর্শনা ডিলাক্স এ আসা যাত্রী ফয়সাল আহমেদ হাসান বলেন, দৌলতদিয়া ঘাটে আসলে অপেক্ষা করতে হবে এটা আমাদের জানা ব্যাপার। এই নৌরুটে যত দিন ফেরি আর ঘাট বাড়ানো না হবে তত দিন এইভাবে আমাদের মতো সাধারণ যাত্রীদের ভোগান্তি পোহাতে হবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন বলেন, আমাদের কাছে বর্তমানে ১৬টি ফেরি রয়েছে যা দিয়ে ঘাটের দুই প্রান্তের যানবাহন পারাপার করানো হচ্ছে। আমরা চেষ্টা করছি এই ঘাট ব্যবহারকারীদের ভোগান্তি নিরসনের জন্য।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত