স্বামীর বিরুদ্ধে গৃহবধূকে হত্যার অভিযোগ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১০:৩৭ পিএম

পারিবারিক বিরোধের জেরে সিরাজগঞ্জের বেলকুচিতে সাফিয়া খাতুন (৩৩) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।

রবিবার দুপুরে বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের মাইঝাইল গ্রাম থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত গৃহবধূ সাফিয়া বেলকুচি উপজেলার মাইঝাইল গ্রামের শামীম তালুকদারের স্ত্রী ও জেলার রায়গঞ্জ উপজেলার বৈকুণ্ঠপুর গ্রামের শফিউল বারীর মেয়ে।

নিহত গৃহবধূর চাচা রফিকুল ইসলাম বলেন, ১৪ বছর আগে সাফিয়ার সঙ্গে বিয়ে হয় শামীম তালুকদারের। বিয়ের পর থেকে টাকার জন্য সাফিয়াকে প্রায় সময়ই মারপিট করতেন তার স্বামী। এরই জেরে শনিবার রাতে উভয়ের মধ্যে ঝগড়ার একপর্যায়ে সাফিয়াকে হত্যা করে মরদেহ ঘরের মধ্যে ঝুলিয়ে রেখে পালিয়ে যান তার স্বামী। খবর পেয়ে রবিবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত