দৌলতদিয়ায় পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১১:৫৮ পিএম

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ভোগান্তি যেন নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। ফেরি সংকটের পাশাপাশি বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের ফেরিগুলোয় ভারী যানবাহন পারাপার না করায় দৌলতদিয়া ঘাটে যানবাহনের সারি বাড়ছে। গতকাল রবিবার সকাল থেকেই ঘাটে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি দেখা গেছে। এতে ঘাট ব্যবহারকারীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

সরেজমিনে গতকাল সকালে দৌলতদিয়া ঘাট এলাকা ঘুরে দেখা গেছে, ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার লম্বা পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানের দীর্ঘ সারি, যা বেলা বাড়ার সঙ্গে সাঙ্গে আরও বাড়ছিল। তবে যাত্রীবাহী বাসের সারি তুলনামূলক কম দীর্ঘ। তাই বাসগুলোকে ফেরির নাগাল পেতে তুলনামূলক কম সময় অপেক্ষা করতে হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন বলেন, ‘আমরা চেষ্টা করছি, ঘাট ব্যবহারকারীদের ভোগান্তি নিরসনের জন্য।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত