বিজয়ের সুবর্ণজয়ন্তীতে বিএনপির শোভাযাত্রা

গণতন্ত্র প্রতিষ্ঠায় নতুন করে জেগে উঠুন : ফখরুল

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ০২:২০ এএম

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে সবাইকে নতুন করে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাকশাল কায়েমে সরকার নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। তারা মুক্তিযুদ্ধের সব চিন্তাচেতনা ধ্বংস করছে।’

বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গতকাল রবিবার দুপুরে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন করে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর উদযাপনের এই সময়ে দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা, গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী খালেদা জিয়া কারাবাস অবস্থায় হাসপাতালে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে। ৫০ বছর আগে গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য, সন্তানদের জন্য একটি বাসযোগ্য ভূমি নির্মাণ করতে পারব ভেবে যুদ্ধ করেছিলাম। কিন্তু দুর্ভাগ্য, আমরা আজ একটি অসহায় জাতিতে পরিণত হয়েছি।’

তিনি আরও বলেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগ আজ গণতন্ত্র ধ্বংস করেছে, ভোটাধিকার, লেখা ও কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। আজকের শোভাযাত্রা জনগণের নতুন করে জেগে ওঠার, নতুন করে সংগ্রাম শুরু করার ও বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনার শোভাযাত্রা।’

গতকাল দুপুর সোয়া ২টায় শোভাযাত্রা শুরু হওয়ার কথা থাকলেও দেড়টার মধ্যেই বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়। এ সময় তারা হাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির প্ল্যাকার্ড নিয়ে নানা সেøাগান দেন। শোভাযাত্রার কারণে পল্টন, কাকরাইল, ফকিরাপুল, শান্তিনগরসহ আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দেয়। মালিবাগ-মৌচাক, পল্টন-বিজয়নগর, কাকরাইল-নাইটেঙ্গল মোড়, মালিবাগ-রাজারবাগ এলাকাতেও যান চলাচল স্থবির হয়ে পড়ে। গাড়ি না পেয়ে অনেককে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়। শোভাযাত্রা ঘিরে আগে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থান নেন।

পরে বেলা আড়াইটার দিকে মির্জা ফখরুল ইসলাম ও জ্যেষ্ঠ নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। বিজয়নগর, কাকরাইল, শান্তিনগর মোড় হয়ে একই পথে আবার নয়াপল্টনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম প্রমুখ অংশ নেন।

শোভাযাত্রায় নেতাকর্মীদের মাথায় লাল-সবুজ ক্যাপ, হাতে জাতীয় ও দলীয় পতাকা ছিল। অনেকে গায়ে কালো কাপড় ও গলায় প্রতীকী শিকল পরে আসেন। বিজয়ের সুবর্ণজয়ন্তীর শোভাযাত্রা অনেকটাই খালেদা জিয়ার মুক্তির মিছিলে পরিণত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত