আলমসাধু-ইজিবাইক সংঘর্ষে শিশু নিহত, আহত ৭

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ০৩:২৮ পিএম

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় ইজিবাইক ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে আছিয়া খাতুন নামে সাড়ে তিন বছরের এক শিশু নিহত হয়েছে।

সোমবার দুপুরে ঝিনাইদহ-হরিণাকুন্ডু সড়কের মান্দারতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আছিয়া খাতুন হরিণাকুণ্ডু উপজেলা দড়িবিন্নী গ্রামের ইজিবাইক চালক রিপন হোসেনের মেয়ে। এ ঘটনায় আহত হয়েছেন নিহত শিশুর মা মুসলিমা খাতুন, বাবা রিপন আলী, দাদি আকলিমা খাতুনসহ ৭ জন।

স্থানীয়রা জানায়, বাড়ি থেকে সকালে ইজিবাইকযোগে পরিবারের সদস্যসহ হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা নিতে এসেছিলেন তারা।

টিকা নিয়ে বাড়ি ফেরার সময় ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাছবোঝাই দ্রুতগতির আলমসাধু তাদের ইজিবাইকটিকে সামনা-সামনি ধাক্কা দেয়।

এ সময়  ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে আছিয়া মাথায়, বুকে ও নাক- মুখে মারাত্মক আঘাত পায়।

হরিণাকুন্ডু ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জামাল উদ্দিন জানান, খবর পেয়ে তারা আহতদের উদ্ধার করে হাসপাতালে আনার পথেই মারা যায় শিশু আছিয়া।

হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার আমিনুল ইসলাম জানান, শিশুটি শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত পায়। প্রচুর রক্তক্ষরণে হাসপাতালে আনার আগে পথেই তার মৃত্যু হয়। আহতরা চিকিৎসাধীন আছেন।

হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, দুর্ঘটনাকবলিত আলমসাধুটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত