ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা প্রস্তুতকারীকে খুঁজে বের করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে নেত্রকোনা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সেই জাহাঙ্গীর আলম (৪২)। গত রবিবার এমন অভিযোগ পেয়েছেন বলে গতকাল সোমবার নিশ্চিত করেন পুলিশ সুপার আকবর আলী মুনসী।
এর আগে ৭ ডিসেম্বর বরগুনা জেলার একটি অস্ত্র মামলার পরোয়ানাভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করে মোহনগঞ্জ থানার পুলিশ। পরে ওই পরোয়ানাটি ভুয়া প্রমাণিত হওয়ায় থানা থেকেই তাকে ছেড়ে দেওয়া হয়। ভুক্তভোগী জাহাঙ্গীর আলম মোহনগঞ্জ উপজেলার কলুঙ্কা গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে।
জাহাঙ্গীরের দাবি, তিনি জীবনে কখনো বরগুনায় যাননি। তবে সম্প্রতি এলাকার একজন প্রভাবশালী পুলিশ কর্মকর্তার শতকোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন। এ কারণে তাকে ফাঁসানোর জন্য ওই ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা তৈরি করা হয়েছে বলে তিনি মনে করেন।
পুলিশ সুপার আকবর আলী মুনসী বলেন, ‘এ ঘটনা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
