গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীকে হাতুড়িপেটার অভিযোগ উঠেছে আরেক শিক্ষার্থীর বিরুদ্ধে। গত রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়টির বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শরীফ রাজুকে হাতুড়িপেটা করেন ওই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তুফান চৌধুরী। এ ঘটনায় গতকাল সোমবার বিভাগের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিচার দাবিতে সভাপতির কাছে চিঠি দিয়েছেন।
ওই ঘটনার প্রত্যক্ষ্যদর্শী শিক্ষার্থী গোলাম রাসূল বলেন, ‘গত রবিবার বিকেল ৩টার দিকে শরীফ রাজু চার বন্ধু বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোবাহান সড়কে দিয়ে হাঁটছিলেন। এ সময় ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী সেখান দিয়ে যাচ্ছিলেন। ছাত্রীর সন্দেহ হয়, বাংলার চার শিক্ষার্থী তাকে অনুসরণ করছেন। ছাত্রী তার সন্দেহের কথা জানালে তুফান চৌধুরী বাড়ি থেকে হাতুড়ি নিয়ে এসে রাজুকে এলোপাতাড়ি পেটান।’
ঘটনার শিক্ষকরা ঘটনাস্থলে গিয়ে রাজুকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করান। রাজু ওই এলাকার মুরাদ চৌধুরীর ছেলে। আর অভিযুক্ত তুফান চৌধুরীও এই এলাকার বাসিন্দা।
বাংলা বিভাগের সভাপতি জাকিয়া সুলতানা মুক্তা জানান, তিনি আহত শিক্ষার্থীর খোঁজখবর রাখছেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাজিউর রহমান বলেন, ‘তারা তিন প্রত্যক্ষদর্শী ও এক ছাত্রীসহ চারজনের বক্তব্য শুনেছেন। আহত শিক্ষার্থীর অবস্থার কিছুটা উন্নতি হওয়ার পর অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’
