ঈশ্বরদীতে গৃহবধূকে কুপিয়ে হত্যা

আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ০১:৩২ পিএম

পাবনার ঈশ্বরদীতে শারমিন খাতুন শিলা (৩২) নামে এক গৃহবধূকে ধারালো রামদা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন তার স্বামী।

মঙ্গলবার সকাল ৬টার দিকে ঈশ্বরদী  উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মুনসিদপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত শিলা মুনসিদপুর গ্রামের ব্যবসায়ী রানাউর রহমান রানার স্ত্রী ও ঈশ্বরদী শহরের মশুরিয়াপাড়া এলাকার মৃত রহমত আলীর মেয়ে।

পুলিশ এ ঘটনায় অভিযুক্ত সুমন হোসেনকে (৩৫) আটক করেছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ৬টার দিকে গৃহবধূ শিলা বাড়ির চার তলার রান্নাঘরে কাজ করছিলেন।

এ সময় বাড়িতে অন্য কোনো লোকজন না থাকায় মুনসিদপুর গ্রামের মৃত আজগর আলীর ছেলে সুমন রান্না ঘরে ঢুকে গৃহবধূ শিলাকে ধারালো রামদা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। প্রাণ বাঁচাতে আহত শিলা বাড়ির ছাদে উঠে চিৎকার করতে থাকেন।

সে সময় শিলার স্বামী রানা নিচতলা থেকে ছাদে উঠলে সুমন তাকেও কোপ দেয়। আহত রানার সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে সুমন ছাদ থেকে পড়ে  গুরুতর আহত হয়। খবর পেয়ে এলাকাবাসী জড়ো হয়ে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

আহত রানাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুমনকে পুলিশ পাহারায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) হাদিউল ইসলাম জানান, সুমনকে আটক করা হয়েছে। শিলার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত