১৫ ঘণ্টার অভিযানে সুন্দরবনের গহীন থেকে জেলের মৃতদেহ উদ্ধার (ভিডিও)

আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ০৫:৫০ পিএম

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালীতে এক জেলে বাঘের আক্রমণের শিকার হয়। পরবর্তীতে বাঘ ওই জেলেকে গহীন জঙ্গলে নিয়ে গেলে লাশ উদ্ধার কঠিন হয়ে পড়ে।

এরপর বন বিভাগের ১৫ ঘণ্টার টানা অভিযান শেষে মামুনদো খাল এলাকার এক ক্রোশ ভেতর থেকে জেলের লাশ উদ্ধার করা হয়।

বনবিভাগের এ উদ্ধার অভিযানে যুক্ত ছিল ওয়াইল্ড টিম, ভিলেজ টাইগার রেসপন্স টিম। সহায়তা প্রদান করে কোস্টগার্ড, বিজিবি ও পুলিশ।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা এসিএফ এম এ হাসান জানান, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী গ্রামের মৃত আক্কাস গাজীর ছেলে জেলে মজিবর রহমান সুন্দরবনের ছোট বৈগিরি এলাকার পায়রা টুনিতে সোমবার মাছ ধরার সময় বাঘের আক্রমণ শিকার হয়। 

ওয়াইল্ড টিমের কর্মকর্তা অমিত মন্ডল জানান, বনবিভাগে খবর আসামাত্র পুরো টিম নিয়ে জেলে মুজিবরের লাশ উদ্ধারে নেমে পড়েন তারা। বেলা ১১টায় লাশ উদ্ধার কহয়। সন্ধ্যা ৬টায় তারা নিহত জেলের পরিবারকে লাশ বুঝিয়ে দিতে নৌপথে রয়েছেন।

নিহত মুজিবরের আরেক সহকর্মী জেলে তৌহিদুল ইসলাম জানান, তারা তিনজন সরকারি রাজস্ব দিয়ে বৈধ পন্থায় মাছ ধরতে যান। তাদের তিনজনের মধ্যে মুজিবর বাঘের আক্রমনে প্রাণ হারান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত