খুলনার শিরোমণি শিল্প এলাকার ব্যক্তিমালিকানাধীন মহসেন জুট মিলসের শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধের দাবিতে গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিলগেটে অবস্থান কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা।
কর্মসূচি চলাকালে মিলের শ্রমিক মুক্তিযোদ্ধা ক্বারি মো. আছহাব উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন শহিদ সরদার, আনোয়ার হোসেন, সুলতান শেখ প্রমুখ।
নেতারা বলেন, ৮ বছর আগে শ্রম আইনের তোয়াক্কা না করে এবং শ্রমিক-কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধ না করে মিলটি বন্ধ করে দেওয়া হয়। আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিলগেটে অবস্থান কর্মসূচি পালন করবেন শ্রমিকরা। এর মধ্যে তাদের সমস্যার সমাধান না হলে ৩০ ডিসেম্বর বিকেল ৩টায় মিলগেটের সামনে শ্রমিক সমাবেশের মাধ্যমে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে বলে নেতারা হুঁশিয়ারি দেন।
