করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার উদ্বেগে চতুর্থ ডোজ টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। গত মঙ্গলবার ৬০ বছরের বেশি বয়সীদের চতুর্থ ডোজ দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি।
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি বিশেষজ্ঞ প্যানেল চতুর্থ ডোজ দেওয়ার সুপারিশ করেছে। এরপরই দ্রুত তা গ্রহণ করেন প্রধানমন্ত্রী নাফতালি বেনেত। তিনি বলেন, ‘এর মাধ্যমে আমরা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া ওমিক্রন ঢেউ কাটিয়ে উঠতে পারব’।
নাফতালি বেনেত ইসরায়েলি নাগরিক যত দ্রুত সম্ভব এই ডোজ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমার বার্তা হলো; সময় নষ্ট করবেন না, যান টিকা নিন।’ ওমিক্রন আক্রান্ত এক রোগীর মৃত্যুর পর ইসরায়েল চতুর্থ ডোজ টিকা প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার ইসরায়েলের সরোকা মেডিকেল সেন্টার কর্র্তৃপক্ষ জানায় মারা যাওয়া ব্যক্তির বয়স ৬০-এর কোঠায়। হাসপাতালে ভর্তির দুই সপ্তাহের মাথায় তার মৃত্যু হয়। একই দিন ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় দেশটিতে অন্তত ৩৪০ জনের ওমিক্রন সংক্রমণের কথা জানা গেছে।
ওমিক্রন ঠেকাতে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালি, তুরস্ক এবং কানাডা ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরায়েল। এছাড়া নাফতালি বেনেতের কার্যালয় জানিয়েছে, তারা সরকারি কর্মীদের হাজিরা ৫০ শতাংশ কমানোর প্রস্তাব অনুমোদন করেছে।
